জাপা মহাসচিব বললেন

জাতীয় পার্টি নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসে নাই

জাতীয় পার্টি নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসে নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন এ বিষয়ে আমার কথা বলার সুযোগ নাই। আমাদের বিশ্বাস করেন কি না, করবেন কি না এটা ওনার বিষয়। আমি শুধু বলবো, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই আসছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বনানীস্থ জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

জাপা মহাসচিব আরও বলেন, আমরা একটা জিনিসই চাইছি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। বিশ্বাস, অবিশ্বাসের বিষয় না। ভোট সুষ্ঠু হলে আমরা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছি। সমঝোতার বিষয় জানি না। আমরা শুধু সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি। আজকে বা কালকেও আলোচনা আছে। তাদের সাথে আমাদের যোগাযোগ আছে।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের বিষয়ে তিনি বলেন, তার জন্য মনোনয়ন ফরম রেখেছিলাম কিন্তু তিনি নেননি। তিনি নির্বাচনে এলে ভালো হতো। তবে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেই পারেন। কিন্তু গেছেন কি না আমার জানা নাই।