বিসিএল | ২য় রাউন্ড, দ্বিতীয় দিন

ইয়াসিরের খুশির দিনে নাবিল-অঙ্কনের সেঞ্চুরির আক্ষেপ

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সিলেটে উত্তরাঞ্চলের ২১৯ রানের জবাবে হাতে সবগুলো উইকেট আর বোর্ডে ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। সারা দিন ব্যাটিং করে এক উইকেট হাতে রেখে প্রতিপক্ষের চেয়ে ২৩ রানে এগিয়ে আছে দলটি। দ্বিতীয় দিনশেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৯ উইকেট ২৪২ রান।

আগের দিন ৬ রানে অপরাজিত থাকা দক্ষিণাঞ্চলের ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের জন্য দিনটি ছিল আক্ষেপের। মাত্র ১০ রানের জন্য বঞ্চিত হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। ক্যারিয়ারসেরা স্কোরের দিনে ২২৮ বল খেলে ৯০ রান করেন নাবিল। তবে নাবিল ছাড়া আর দলের টপঅর্ডারের কেউ ব্যাটে রান পাননি। দ্বিতীয় সেরা ৪৩ রান আসে শেখ মেহেদির ব্যাট থেকে। আরেক অফস্পিনার মঈন খান দিনশেষে অপরাজিত আছেন ৩৪ রানে।

উত্তরাঞ্চলের হয়ে সফল বোলার মিডিয়াম পেসার ইয়াসিন আরাফাত। ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। অভিজ্ঞ স্পিনার নাহিদুলও নেন ৩টি উইকেট। এনামুল হক জুনিয়র পেয়েছেন দুটি উইকেট।

দিনের সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল: ৭৪.৩ ওভারে ২১৯

দক্ষিণাঞ্চল: ৯৩ ওভারে ২৪২/৯ (নাবিল ৯০, মেহেদি ৪৩, মঈন ৩৪*; ইয়াসিন ১৯-৪-৪৭-৩, নাহিদুল ২৭-৬-৬১-৩, এনামুল ১৩-১-৩৯-২)

 

সিলেটে নাবিল যে আক্ষেপে পুড়েছেন চট্টগ্রামে তাই হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে। আগের দিন অপরাজিত ছিলেন ৭৭ রানে। ব্যাটিং করছিলেন শেষ ব্যাটার রিপনকে নিয়ে। রিপন টিকে থাকলেও তিনি পারেননি। ৯১ রানে খালেদের বলে শুভকে ক্যাচ দিয়ে হয়েছেন সেঞ্চুরিবঞ্চিত। আর তাতে প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ২৮০ রান। পূর্বাঞ্চলের হয়ে নাঈম আহমেদের পাশাপাশি খালেদের উইকেট সংখ্যাও গিয়ে দাঁড়ায় ৪টিতে।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলী চৌধুরীর সেঞ্চুরি আর ইরফান শুক্কুরের অপরাজিত ৯১ রানের ইনিংসে ৭ উইকেটে ২৫২ তুলেছে পূর্বাঞ্চল। দিনশেষে তারা পিছিয়ে আছে ২৮ রানে। উত্তরাঞ্চলের নাজমুল ইসলাম অপু ৩টি উইকেট নেন।

১৭৯ বলের ইনিংসে ৯ চার ও ৪ ছয়ে ১২০ রানের ইনিংস খেলেন ইয়াসির। ৭০ রানে ৫ উইকেট হারানোর পর অধিনায়ক ইরফানের সঙ্গে ১৫১ রানের জুটি গড়েন ইয়াসির। তিনি আউট হলেও ১৫৪ বলে ৯১ রান করে অপরাজিত আছেন ইরফান। তার সঙ্গে আছেন আবু জায়েদ রাহী।

দিনের সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল: ৮৮.৪ ওভারে ২৮০ (অঙ্কন ৯১, সাইফ ৩৪, তাইবুর ২৮; নাঈম ২২-৪-৬১-৪, খালেদ ২০.৪-২-৭১-৪)

পূর্বাঞ্চল: ৭৮ ওভারে ২৫২/৭ (ইয়াসির ১২০, ইরফান ৯১*; অপু ২২-৩-৭৫-৩, রনি ৯-২-২৩-১, রিপন ৯-২-২৩-১)