ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ মিশন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে গণফোরাম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় গুলশানের হোটেল আমারিতে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী বিশেষজ্ঞ মিশন প্রতিনিধিদের সাথে বৈঠক করে গণফোরাম।
ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান ও নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড ওয়ার্ড এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আলেকজান্ডার ম্যাথুস মিশনের প্রতিনিধিত্ব করেন। গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি- অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।
বৈঠকে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ খুবই শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী। নির্বাচনের সময় আসলে দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কিন্তু দুঃখের বিষয় ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার বিগত দুটি জাতীয় নির্বাচন ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন এবং ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচনে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে। পুনরায় জনগণের ভোটাধিকার হরণ করতে জনগণ ও গণতন্ত্রিক রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যাতীত পাতানো নির্বাচন করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এই পাতানো নির্বাচন বয়কট করেছে আর তাই জনগণের দাবিতে সমর্থন জানিয়ে গণফোরাম শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে গণফোরাম।