আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, প্রধান বিচারপতি, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, বিদেশী রাষ্ট্রের কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমন করবেন।
এ উপলক্ষে অত্র এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিয়ন্ত্রণকল্পে ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার/রিকশা–ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অনুরোধ করেন। তারা বিকল্প সড়ক সম্পর্কে জানান-
১। যে সকল যানবাহন আশুলিয়া থেকে বেড়ীবাঁধ দিয়ে মিরপুর আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।
২। যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড় হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।
৩। যে সকল যানবাহন মিরপুর–১০ নং হতে মাজার রোড হয়ে গাবতলী’র দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর–১ নং হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।
উল্লেখিত অনুষ্ঠানসমূহ চলাকালীন সম্মানিত নাগরিকবৃন্দকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।