বৃষ্টিদিনে রিংকু ঝড়ের পরও প্রোটিয়াদের কাছে ভারতের হার

রিংকু সিংয়ের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের পর বৃষ্টি বাধায় কমে আসা দৈর্ঘ্যের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেবার্হায় দ্বিতীয় টি২০তে আগে ব্যাট করে ইনিংসের তিন বল বাকি থাকতে ৭ উইকেটে ১৮০ রান করার পর হানা দেয় বৃষ্টি। দীর্ঘক্ষণ বন্ধের পর ডিএলএস পদ্ধতিতে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। ৭ বল বাকি থাকতেই তা অর্জন করে প্রোটিয়ারা।

ভারতের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়েন অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩৬ বলে ৫৬ করেন তিনি। তবে সংগ্রহটা বড় হয় রিংকু সিংয়ের ঝড়ে ৯ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যশস্বী ও শুবমান দুজনেই ফেরেন রানের খাতা খোলার আগে। এছাড়া তিলক ২৯ ও জাদেজা ১৯ রান করেন। জেরাল্ড কোটজে শিকার করেন তিন উইকেট।

পরিবর্তিত টার্গেটের সুবিধা নিয়ে মারমুখী খেলা চালিয়ে যায় প্রোটিয়ারা। ব্রিটজকি ৭ বলে ১৬, রিজা ২৭ বলে ৪৯ ও এইডেন মার্করাম ১৭ বলে ৩০ ও ডেভিড মিলার ১২ বলে ১৭ রানের ইনিংস খেলে ফিরলেও লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। বাকি কাজটুকু সারেন ট্রিস্টান স্টাবস ১৪* ও আন্দেল ফেলুকওয়ায়ো ৪ বলে ১০* রান করে। মুকেশ কুমার দুটি এবং কুলদীপ ও সিরাজ একটি করে উইকেট পান। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।