বাবা হচ্ছেন রণবীর সিং, কয়েকদিন ধরে বি টাউনে এমনই খবর। তবে বাস্তবে নয়, সিনেমার পর্দায়। তাও আবার রণবীর কাপুরের বাবার ভূমিকায়।
চলতি বছরেই কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু-দেব’ ছবিতে নাকি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে রণবীরকে। এখন খবর, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওই ছবিতে নাকি রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’ ছবিতে শিবার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। সেই ছবির শেষে বিশেষ চরিত্রে দেখা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তার চরিত্র অমৃতার ছেলে শিবা। অর্থাৎ রিল লাইফে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতে এক রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আর এক রণবীরকে। কিন্তু তাতেই নাকি বাদ সেধেছেন দীপিকার স্বামী।
শোনা যাচ্ছে, আলিয়ার স্বামীর বাবা হতে নারাজ দীপিকার স্বামী। সেই কারণে ফ্যাসাদে পড়েছে ছবির প্রযোজক ধর্ম প্রোডাকশন ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কথা ছিল ২০২৫ সালে শুটিং শুরু হবে এই ছবির। কিন্তু রণবীর বেঁকে বসায় এখন অনিশ্চ্যতায় এই ছবি।
স্ত্রী দীপিকা পাডুকোনের প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। প্রায় ছয় বছর সম্পর্কে ছিলেন তারা। শোনা যায়, রণবীর প্রতারণা করেন দীপিকার সঙ্গে। তার পর রণবীর সিংয়ের মধ্যেই মনের মানুষ খুঁজে পান অভিনেত্রী। যদিও সময়ের সঙ্গে ভুলেছে সব মান-অভিমান। দু’জনেই সৌজন্যতার সম্পর্ক দেখিয়েছেন বরাবর।