মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ঊর্মিলা শ্রাবন্তী কর। এমন খবরে সয়লাব সামাজিক মাধ্যম। কিন্তু ঊর্মিলাকে ফোন দিতেই তিনি আশ্চর্য হয়ে গেলেন। বললেন, ভাইয়া আমি বাসায় হেঁটে বেড়াচ্ছি। সারা দিন অজস্র ফোন আসছে, খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি। যেসব খবরে আসছে তা মে টেও সত্য নয়। যেভাবে আমাকে অসুস্থ বানিয়ে ফেসবুকে খবর ছড়াচ্ছে এতে করে তো আমাকে নির্মাতারা অভিনয়েই নেবে না, ভাববে আমি অসুস্থ হয়ে পড়ে আছি বলেই হাসলেন এই লাক্স তারকা।
ঊর্মিলা এখন ব্যস্ত রয়েছেন আসন্ন সংসদ নির্বাচনের বেশ কিছু কাজ নিয়ে। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা। দলবদ্ধভাবে তারা নির্বাচনের জন্য কাজ করছেন। ঊর্মিলার দায়িত্ব চট্টগ্রাম এলাকা। এখন তিনি চট্টগ্রাম যাওয়া-আসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। বললেন, ‘আমার দায়িত্ব যেহেতু চট্টগ্রাম এলাকা, তাই সেখানে যাওয়া-আসার মধ্যেই আছি।’
আওয়ামী লীগের বেশ ত্যাগী নেত্রী এই অভিনেত্রী। ছাত্রজীবনেও করেছেন রাজনীতি। তারপরেও এবারে মনোনয়নপত্র তোলেননি ঊর্মিলা, যেখানে এবার তারকাদের মনোনয়নপত্র কেনাটা ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে ঊর্মিলার ভাষ্য,‘আমার এখনো সময় হয়নি। আমি তো অনেক জুনিয়র। এখনো রাজনীতি শিখছি।’
তবে তারকাদের নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহকে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন। বললেন, ‘আমাদের পাশের দেশ ভারতে দেখেন শিল্পীরা নির্বাচন করছেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। শিল্পীরা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। শিল্পীরা দুর্নীতি করে বাড়ি-গাড়ি টাকা-পয়সা কামান না, ফলে মানুষের জন্য অনায়াসে শিল্পীরা কাজ করতে পারেন। আর তাদের গ্রহণযোগ্যতার যে কথা বললাম, ভারত-পাকিস্তানের সংসদের দিকে দেখুন। আমাদের আসাদুজ্জামান নূর, কবরী আপা, ফারুক ভাই, সুবর্ণা আপাদের দিকে দেখেন। তারা তো মানুষের জন্য কাজ করছেন।’
ঊর্মিলা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিল্পীদের কল্যাণে কিছু কাজ আছে সেসব করছেন। পাশাপাশি চলছে নিজের অভিনয়। এই মুহূর্তে বেশ কটি ধারাবাহিকে অভিনয় করছেন ঊর্মিলা। এরমধ্যে ইদরিস হায়দারের উড়ালপঙ্ক্ষী, সাজিন আহমেদ বাবুর ঘরের শত্রু বিভীষণ উল্লেখযোগ্য।
তবে যে ঘটনা দিয়ে লেখার শুরু হয়েছিল, সে প্রসঙ্গে আরেকটু ফেরা যেতে পারে। হাসপাতালে কেন গিয়েছিলেন ঊর্মিলা। এ বিষয়ে উর্মিলা বললেন, ‘আমার মাথায় সামান্য আঘাত লেগেছিল। মনে হচ্ছিল একটু কেটেছে। সেটা খুবই সামান্য, এখন মিশেও গেছে। তারপরেও মনে হলো চিকিৎসকের সঙ্গে একবার কথা বলি। সেটা বলতে একটু হাসপাতালে গিয়েছি, আর এরমধ্যে খবর ছড়িয়ে গেছে। এমন সামান্য আঘাত যে একটা সেলাইও লাগেনি। আমি বেশ ভালো আছি।’