ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সি মজুমদার মিলনায়তনে ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১: আমরা কেন উদ্বিগ্ন?’ শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তবে আয়োজকদের অভিযোগ, কর্তৃপক্ষ শেষমূহুর্তে ভেন্যু বাতিল করেছে, এজন্য অনুষ্ঠানটি হচ্ছে না।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটা থেকে সভাটি হওয়ার কথা ছিল। আর সি মজুমদার মিলনায়তনটি কলা অনুষদের আওতাধীন। আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, অনুষ্ঠান শুরুর ত্রিশ মিনিট আগে কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির ফোন দিয়ে এটি না করতে অনুরোধ করেন।
সরেজমিনে দুপুর আড়াইটার দিকে গিয়ে দেখা যায়, মিলনায়তনের দরজা তালাবদ্ধ রয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আছেন আয়োজকরা। পরে বেলা ৩টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন অনুষ্ঠানের আয়োজক শিক্ষকরা।
এ বিষয়ে আয়োজকদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, প্রোগ্রামের জন্য এই অডিটোরিয়ামটি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু শুরুর আধা ঘণ্টা আগে আমাকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির ফোন দেন। তিনি বলেছেন, এই ভেন্যুতে আমাদের দেওয়া বুকিং ক্যান্সেল করা হয়েছে। আমরা যেন প্রোগ্রামটি না করি।
নির্দিষ্ট কোনো কারণ তিনি বলেছেন কি না জানতে চাইলে তানজিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ তিনি আমাকে বলেননি। তবে বলেছেন, এক জায়গা থেকে তিনি ফোন পেয়েছেন। ঐ জায়গার পক্ষ থেকে নাকি বলা হয়েছে, আমাদের যেন স্পেসটি ব্যবহার করতে না দেন। এরপর তিনি আমাকে বলেছেন, যেহেতু ফোন এসেছে সেহেতু ঝামেলা হতে পারে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেন প্রোগ্রাম না করেন।
এ বিষয়ে জানতে অধ্যাপক ড. আব্দুল বাছিরকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।
আয়োজকরা জানান, জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে দেশব্যাপী তর্ক-বিতর্ক চলছে। নতুন এই শিক্ষাক্রম নিয়ে সমালোচনা করার কারণে কয়েকজন অভিভাবক ও শিক্ষকের বিরুদ্ধে সরকার সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।