আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা নির্বাচন বানচাল করতে বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে। বিশ্ব মোড়লদের আজ আমাদের একটি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে সংবিধান মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার এই সাহসী যাত্রাকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২০ ডিসেম্বরের সিলেট সফর সফলের লক্ষে বুধবার সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতা করবেন। ওই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসভাকে জনসমুদ্রে পরিণত করে দেখিয়ে দিতে হবে জনগণ কিভাবে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি-জামায়াত ও মোড়লদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।