হামে আক্রান্ত হয়ে সিলেটে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুইদিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার শিশুটি মারা গেছে।
এদিকে সিলেট বিভাগে হাম পরিস্থিতি সম্পর্কে সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আরও ৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম সনাক্ত হয়েছে।
