২০২৪ সালে রাশিয়ার সামরিক ব্যয় ১৪০ বিলিয়ন ডলার

২০২৪ সালে রাশিয়ার সামরিক ও যুদ্ধ-সম্পর্কিত ব্যয় ২৯ শতাংশ বেড়ে ১২.৮ ট্রিলিয়ন রুবেল হবে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক, যা প্রায় ১৪০ বিলিয়ন ডলার। বুধবার (১৩ ডিসেম্বর) নতুন ফেডারেল বাজেট পরিকল্পনার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

আনাদুলু অ্যাজেন্সির খবরে বলা হয়, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে রাশিয়ার সামরিক ব্যয় মোট জিডিপির ৭.১ শতাংশে উন্নীত হবে, যা মোট সরকারি ব্যয়ের ৩৫ শতাংশ।

গত নভেম্বরের শেষ দিকে ২০২৬ সাল পর্যন্ত তিন বছরের নতুন ফেডারেল বাজেট পরিকল্পনা আইনে সই করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনায় দেখা যায় ইউক্রেনের সঙ্গে ৬৫০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সফলভাবে শেষ করতে রুশ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও জাতীয় অর্থনীতির বরাদ্দ ২০২৪ সালে মোট ব্যয়ের ১১% হ্রাস পেয়েছে, যা চলতি বছর ১৪% ছিল।

এছাড়া মূল সামাজিক ব্যয়ের জন্য বরাদ্দ অংশটিও হ্রাস পেয়েছে, যার মধ্যে আবাসন ২.৮% থেকে ২.২% হয়েছে। এছাড়া শিক্ষা ৪.৮% থেকে ৪.২% এবং স্বাস্থ্যসেবা ৫.২% থেকে ৪.৪% নেমে এসেছে।

এসআইপিআরআই পরিচালক ড্যান স্মিথ বলেন, ২০২৪ সালে সামরিক ব্যয়ের ব্যাপক বৃদ্ধির পর ২০২৫-২৬ সালে হ্রাস করার পরিকল্পনা এবং একইবছর প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে পুতিন ইউক্রেন যুদ্ধেরও সফল সমাপ্তি টানতে চান বলে ধারণা করা হচ্ছে।