ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বায়োজিত (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়কের কায়েম কাটা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিত মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আহত শ্রাবণ কালাচাঁদপুর গ্রামের আমিরুলের ছেলে, মোকাদ্দেস মিন্টুর ছেলে, মহিত উদ্দিন সদর উপজেলা চকশ্যামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আরিফ হোসেন মেহেরপুর শহরের শেখপাড়ার শাহাবুদ্দিনের ছেলে।

জানান যায়, নিহত বায়োজিত তার বন্ধু শ্রাবণ এবং মোকাদ্দেসকে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল করে মেহেরপুর থেকে নিজ গ্রামে যাওয়ার পথে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যায়। এ সময় অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে বায়োজিত ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বায়োজিতকে মৃত ঘোষণা করেন এবং আহতদেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কানি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।