বিসিএল | ২য় রাউন্ড, শেষ দিন

প্রায় হারতে থাকা ম্যাচে মঈন-সুমনের দৃঢ়তায় ড্র দক্ষিণাঞ্চলের

নাটকীয়তায় মোড়া শেষ দিনে মঈন ও সুমনের দৃঢ়তায় উত্তরাঞ্চলের সঙ্গে ড্র করেছে দক্ষিণাঞ্চল। শেষদিনে ২৫৩ রানে এগিয়ে থেকে ব্যাটিং শুরু করে উত্তরাঞ্চল। ৮৭ রানে অপরাজিত থাকা আবদুল্লাহ আল মামুন সেঞ্চুরি তুলে নেন। ২৫৮ বলে ১১৭ রান করে অপরাজিত থাকেন মামুন। ইনিংসে ৫টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি। তবে ৬২ রানেই আউট হয়ে যান আকবর। নাহিদুল ১৩ বলে ২২ রান করেন। ৭ উইকেট ৩৪৫ রান করে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল।

দক্ষিণাঞ্চলের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩২১ রানের। অবধারিত ড্র এর পথে ব্যাটিংয়ে নেমে নাহিদুলের স্পিনবিষে চাপে পড়ে যায় দক্ষিণাঞ্চল। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারার শঙ্কায় পড়ে যায় দলটি। সেখান থেকে জুটি গড়েন মার্শাল আইয়ুব ও প্রান্তিক নওরোজ নাবিল। তবে এর পর মাত্র তিন রানের মধ্যে আরও ৩টি উইকেট হারিয়ে নিশ্চিত হারের সম্ভাবনা জাগে। তবে মঈন খান ও সুমন খানের দৃঢ় ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৭২ রান করে ড্র নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণাঞ্চল। দুজন মিলে ব্যাটিং করেন ২৫ ওভার। মঈন ৭৬ বলে ২৯ ও সুমন ৭৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন। এছাড়া মার্শাল আইয়ুব ৫২ ও নাবিল ৪২ রান করেন। উত্তরাঞ্চলের নাহিদুল ৫ উইকেট শিকার করেন। ৭৩ রান ও ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।

দ্বিতীয় রাউন্ড শেষে দুই ড্রয়ে দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। আগামী ১৮ ডিসেম্বর তৃতীয় ও শেষ রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগের। মিরপুরে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ও সিলেটে পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল মুখোমুখি হবে।

দিনের সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল: ১ম ইনিংস ২১৯; ২য় ইনিংস ৯৫ ওভারে ৩৪৫/৭ (মামুন ১১৭*, প্রীতম ৬৩, আকবর ৬২; রাব্বি ১৮-১-৭৪-৩, শেখ মেহেদি ৩৬-৯-১১২-৩)

দক্ষিণাঞ্চল: ৯৪.২ ওভারে ২৪৩; ২য় ইনিংস ৭১ ওভারে ১৭২/৮ (মার্শাল ৫২, নাবিল ৪২, মঈন ২৯*, সুমন ১০*; নাহিদুল ১৯-৮-২৯-৫, আশিক ৭-১-২১-১)

ফল: ম্যাচ ড্র