৮ বছর পর ওমরাহ পালন করবে ৭০ হাজার ইরানি

দীর্ঘ আট বছর বিরতির পর পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে ইরানের নাগরিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের হজ ও পিলগ্রিমেজ অর্গানাইজেশনের প্রধান আব্বাস হোসেইনি। তিনি জানান, আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে সৌদি আরবের উদ্দেশে নিয়মিত ফ্লাইট শুরু হবে, যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। 

তেহরানে এক প্রেস ব্রিফিংয়ে আব্বাস হোসেইনি বলেন, প্রথম ভাগে ৫৫০ জন ওমরাহ যাত্রী সৌদি যাবে। তারা তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে এবং ১০ দিন থাকবে। এর মধ্যে পাঁচ দিন মক্কায় এবং পাঁচ দিন মদিনায় থাকার কথা রয়েছে। 

পরবর্তীতে মাশহাদ, তাবরিজ, ইসফাহান, ইয়াজদ, কেরমান, আহভাজ, শিরাজ, সারি ও জাহেদানের মতো অন্যান্য শহরের বিমানবন্দর থেকেও ওমরাহ ফ্লাইট পরিচালনা করা হবে। সব মিলিয়ে ৫৫০টি দলে মোট ৭০ হাজার ইরানের নাগরিক ওমরাহ পালন করবে।

তিনি আরও জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর ওমরাহ ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এছাড়া যারা ২০০৮ সালে প্রাথমিকভাবে নিবন্ধন করেছিলেন, তারা ওমরাহ পালনের জন্য নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে বলে উল্লেখ করা হয়।

২০১৬ সালে একজন শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করায় রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরান। তারপর থেকেই ইরানের মুসলমানরা শুধুমাত্র হজ পালন করতে পারত। তবে চলতি বছরের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে উভয় দেশ। যদিও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এক বছর আগে থেকেই ওমরাহ যাত্রী পাঠানো বন্ধ করে দিয়েছিল ইরান।