মাঠের বাইরের সময়টা অস্বস্তির মধ্য দিয়ে পাড় করছিলেন ডেভিড ওয়ার্নার। মিচেল জনসনের করা সমালোচনার জবাবটা যেন সেঞ্চুরি করেই দিলেন। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ২১১ বলে ১৬৪ রানের একটি ইনিংস খেলেন তিনি। তাতে ৫ উইকেটে ৩৪৬ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তার সেঞ্চুরির পর থেকেই আলোচনা শুরু হয়েছিল শূন্যে লাফানো নিয়ে।
অনেকেই বলেছেন, এই শূন্যে লাফানো জনসনকে দেওয়া জবাব। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওয়ার্নার। তার দাবি, গণমাধ্যমকে উদ্দেশ্য করে দেওয়া। ম্যাচ সংবাদ সম্মেলনে এসে এ কথাই বলে গেলেন তিনি।
৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে কলাম লিখেছিলেন মিচেল জনসন। সেখানে ওয়ার্নারের সমালোচনা করেছিলেন তিনি। তাই অনেকেই ভেবেছিলেন শূন্যে লাফটা সেটারই জবাব। কিন্তু সেটা অস্বীকার করে অসি ওপেনার সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা আমাকে নিয়ে গল্প লিখতে চায়, খবরের শিরোনাম পাওয়ার চেষ্টা করে তাদেরকে উদ্দেশ্য করেই এই লাফ। এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তিত না। আমি যেভাবে চাই সেভাবেই উদযাপন করতে পারি।’
জনসনকে নিয়ে ছিল না সেটা। তবে প্রসঙ্গ তো আর থেমে থাকে না। বিষয়টা আবার আসতেই বলেছেন, ‘মিচেল মতামত দেওয়ার অধিকার রাখেন। তিনি একজন সাবেক ক্রিকেটার।’