টানা চার ম্যাচে ফিফটির ঘর ছুঁয়েও ডেভিড ওয়ার্নারের মুখে হাসি নেই। বিগ ব্যাশ লিগে শুক্রবার সিডনি সিক্সার্সের বিপক্ষে ৬৫ বলে ১১০ রানের দারুণ ইনিংস খেলেও জয় অধরা থেকে গেছে তাঁর দলের। কারণ, ওয়ার্নারের শতককে ছাপিয়ে গেছে স্টিভেন স্মিথের আরও বিধ্বংসী সেঞ্চুরি।
সিডনি থান্ডারের হয়ে ইনিংসটি খেলেন ওয়ার্নার। চার ছক্কা ও ১১ চারে সাজানো এই ইনিংসে তিনি টানা দ্বিতীয়বার তিন অঙ্ক ছুঁলেন। এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে করেছেন ১০। এই পথে তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলি ও রাইলি রুশোকে। এখন ওয়ার্নারের সামনে কেবল বাবর আজম (১১) ও ক্রিস গেইল (২২)।
তবে ব্যক্তিগত কীর্তির দিনে আবারও হার দেখতে হলো ওয়ার্নারকে। দুই ম্যাচ আগেই হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১৩০ রান করেছিলেন তিনি। সেদিনও ২০০ ছাড়ানো রান করেও জিততে পারেনি সিডনি থান্ডার।
১৯০ রানের লক্ষ্য নিয়ে নামা সিডনি সিক্সার্সের ইনিংস গুঁড়িয়ে দেয় স্টিভেন স্মিথের ব্যাট। মাত্র ৪২ বলে ৯ ছক্কা ও ৫ চারে অপরাজিত ১০০ রান করেন তিনি। বাবর আজমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪১ রানের ম্যাচজয়ী জুটি। এই জুটিতেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ৫ উইকেট ও ১৬ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সিক্সার্স।
'নাম্বার টু হিসেবে ইনফান্তিনো ভালো, নাম্বার ওয়ান স্বৈরাচারী', বিস্ফোরক মন্তব্য সাবেক বসের