হানিমুন থেকে ফিরেই নতুন ছবির ঘোষণা পরমব্রতের 

বিয়ের পর কিছুদিন আগেই ইউরোপ থেকে হানিমুন সেরে এসেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী দম্পতি। তাদের বিয়েকে ঘিরে অনেকটাই জল ঘোলা হয়েছে কিছুদিন। তবে সেসব ঝামেলা সামলে অভিনেতা ফিরেছেন কাজে। 

হানিমুন থেকে ফিরেই নতুন ছবির ঘোষণা দিলেন পরম্ব্রত। ছবির নাম ‘এই রাত তোমার আমার’। অভিনয়ের পাশাপাশি নতুন এই ছবিটি পরিচালনাও করবেন তিনি।  কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘দীপ জ্বেলে যাই’ ছবির কালজয়ী গানের লাইন ‘এই রাত তোমার আমার’। সেই গানের রেশ ধরেই বড় পর্দার জন্য তৈরি হচ্ছে এই ছবি। 

জানা গেছে, ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। ‘এই রাত তোমার আমার’ সিনেমায় মূলত বাংলা সিনেমার নস্টালজিক একটি অধ্যায়কে তুলে আনা হবে। তবে এটাও শোনা যাচ্ছে, পরমব্রতর চরিত্রটি হেমন্ত মুখোপাধ্যায়ের চরিত্র অবলম্বনে তৈরি করা। তবে এটি কারো বায়োপিক নয়। একটি রাতের কিছু ঘটনা, কিছু স্মৃতিচারণা। 

গতকাল রাতে ছিল ছবিটির মহরত। মহরত হলেও ছবিটি নিয়ে আপাতত তেমন কিছুই বলতে চাননি পরমব্রত। শুধু জানা গেছে, আগামী বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হবে। মুক্তি পেতে পারে ২০২৪ সালেই। এ ছাড়া অঞ্জন দত্ত, অপর্ণা সেন ছাড়াও আরো কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনয় করবেন ছবিটিতে। 

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রায়শয়ই পরিচালনায় নামেন পরমব্রত। কিছুদিন আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ পরিচালনা করেছিলেন তিনি। সে ছবি দর্শক-সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল। এ বছরই শেষ করেছেন ‘হাওয়া বদল টু’র কাজ। এছাড়াও হইচই প্ল্যাটফর্মের জন্য তার পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’ মুক্তি পেয়েছে সদ্যই।