গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইতে জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং শেষ করে বাড়ি ফেরার ঠিক পরেই হৃদ্রোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সী এই অভিনেতা।
দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরি বেলভিউ হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়। হাসপতালে নিয়ে যাওয়ার পথে বন্ধ হয়ে যায় তার হৃদ্যন্ত্র, ঘাবড়ে যান তাঁর স্ত্রী দীপ্তি। তবে আশঙ্কার মেঘ কেটেছে। অভিনেতার স্ত্রী জানিয়েছেন তাঁর স্বামীর স্বাস্থ্যের খবর।
দীপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে লেখেন, আমাদের বন্ধু, শুভানুধ্যায়ী সকলের কাছে কৃতজ্ঞ আমাদের কঠিন সময়ে এ ভাবে পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভাল আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ। এমন এক দুঃসময়ে আপনারা যে ভাবে পাশে থেকে ভরসা দিয়েছেন আমাদের দু’জনকে, তার জন্য ধন্যবাদ।