চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে চিনিকলের কেইন ক্যারিয়ারের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম। করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশলী আতাউর রহমান খান, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, কেরু এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, শ্রমিক ইউনিয়নের সভপাতি ফিরোজ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
এসময় অতিথিরা বলেন, আখের মূল্য বৃদ্ধি হয়েছে এজন্য আবারও আখ চাষের পরিমাণ বাড়ছে। এছাড়া আখ চাষ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা যায়, এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে।
২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৫২ কার্যদিবসে ৬৫ হাজার আখ মাড়াই করে ৪ হাজার চিনি আহরণের মাত্রা নির্ধারন করা হয়েছে। যাতে চিনি আহরণের হার ৬ দশমিক ২০ শতাংশ। যার বিপরীতে মিলজোন এলাকায় ৩ হাজার ৮ শ ২ একর জমিতে দন্ডায়মান আখ রয়েছে।