সেই হার্দিকের নেতৃত্বে মুম্বাইয়ে খেলবেন রোহিত

দলবদলের বাজারে আইপিএলে বড় চমক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্সের চ্যাম্পিয়ন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার আরও বড় চমক দিয়েছে তারা। আগামী মৌসুমে দলটির অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম।

গুজরাট টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স-আপও করেছেন। তবে মুম্বাইতে এসে শোনা গিয়েছিল এক মৌসুম রোহিত শর্মার অধিনায়কত্বেই খেলবেন ভারতীয় তারকা অলরাউন্ডার। তবে হতে চলেছে উল্টোটা। যে রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বাই ২০১৫ সালে আবিষ্কার করেছিল হার্দিক পান্ডিয়াকে। এবার সেই হার্দিকের নেতৃত্বে খেলবেন রোহিত।

এই পরিবর্তনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘ভবিষ্যতের কথা ভেবেই মুম্বাই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও শচিন টেন্ডুলকার থেকে হরভজন সিং, রিকি পন্টিং থেকে রোহিত শর্মা এরা দলকে শক্তিশালী করতে নেতৃত্বের ভার নিয়েছেন। সেই ব্যাটনই এবার হার্দিক এগিয়ে নিয়ে যাবে।’

এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে জানানো হয়েছে, আমরা রোহিত শর্মাকে তার ব্যতিক্রমী নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সালে থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তার কার্যকাল অসাধারণ ছিল। তার নেতৃত্ব শুধুমাত্র দলকে অতুলনীয় সাফল্যই এনে দেয়নি বরং আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তার স্থানকেও মজবুত করেছে। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে মাঠে এবং বাইরে তার নির্দেশনা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে।