রেফারিকে ঘুসি মারার দায়ে এমকেই আংকারাগুজুর প্রেসিডেন্ট ফারুক কোজাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
তুরস্কের লিগে গত সোমবারের ম্যাচে রিজেসপোরের বিপক্ষে আংকারাগুজু জয়ের পথেই ছিল। কিন্তু একেবারে শেষ দিকে গোল হজম করে। তাতে ১-১ ড্র হয় ম্যাচ। ম্যাচের পর মেজাজ হারিয়ে আঙ্কারাগুজু প্রেসিডেন্ট মাঠে ঢুকে রেফারি হালিল উমুত মেলেরকে ঘুসি মারেন।
ক্লাব প্রেসিডেন্টকে নিষিদ্ধ করা ছাড়াও ক্লাব আঙ্কারাগুজুকেও শাস্তি দিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
নিজেদের সমর্থক ও ক্লাব অফিসিয়ালদের নিয়ে ‘অস্থিতিশীল পরিবেশ' তৈরির দায়ে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ঘরের মাঠে দলটিকে পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য গ্যালারিতে।
ওই ঘটনায় স্থগিত আছে তুরস্কের লিগ। তবে আগামী মঙ্গলবার ফের লিগ মাঠে ফেরানোর সিদ্ধান্ত জানিয়েছে টিএফএফ।