ইউরোপে সবার আগে চ্যাম্পিয়ন আইন্দহোভেন, শীর্ষ ৫ লিগের কি অবস্থা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

ইউরোপে সবার আগে শিরোপা নিষ্পত্তি হয়েছে নেদারল্যান্ডস লিগে। টানা তৃতীয়বারের মতো ডাচ লিগ এরেডিভিসির চ্যাম্পিয়ন হয়েছে পিএসভি আইন্দহোভেন। রবিবার শিরোপার দৌঁড়ে পয়েন্টস টেবিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেইনুর্দ ম্যাচ ড্র করেছে ভোলেনডামের বিপক্ষে তাদেরই মাঠে। আর তাতেই শিরোপা নিশ্চিত হয় পিএসভির।

গোলশূন্য ড্রয়ের ফলে ফেইনুর্দ ২৯ ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ৫৪। একদিন আগে এফসি উত্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জিতে ৭১ পয়েন্টে পৌঁছে পিএসভি। ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ১৭ পয়েন্টের অপ্রতিদ্বন্দ্বী লিড পায় তারা।

ইউরোপে সবার আগে চ্যাম্পিয়ন আইন্দহোভেন

ইউরোপের শীর্ষ ৫ লিগের দিকে নজর দেয়া যাকে সেখানেও শিরোপা লড়াই প্রায় অন্তিম লগ্নে, যেখানে প্রত্যাশিত দলগুলোই রাজত্ব করছে।

লা লিগা: বার্সার দাপটে কোণঠাসা রিয়াল

স্পেনে শিরোপার লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে গত শনিবার রাতে। টেবিলের ১৮ নম্বর দল মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনা এখন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।
পরিস্থিতি: ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬, আর রিয়ালের ৬৯। ৮ ম্যাচ বাকি থাকতে ৭ পয়েন্টের এই ব্যবধান ঘুচিয়ে রিয়ালের নাটকীয় ফেরা এখন প্রায় অসম্ভব মনে হচ্ছে।

প্রিমিয়ার লিগ: আর্সেনালের ২২ বছরের অপেক্ষা ফুরোচ্ছে?

ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছর পর শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে দাঁড়িয়ে মিকেল আরতেতার আর্সেনাল। কাপ টুর্নামেন্টগুলো থেকে বিদায় নিলেও লিগে তারা অবিচল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬১। অর্থাৎ ৯ পয়েন্টে এগিয়ে থেকে আর্সেনাল এখন চালকের আসনে। নিজেদের বড় কোনো ভুল না করলে ট্রফি এবার লন্ডনেই থাকছে।

সিরি ‘আ’: ইন্তার মিলানের শিরোপা প্রায় নিশ্চিত

ইতালিতে ইন্তার মিলান তাদের আধিপত্য বজায় রেখেছে। সর্বশেষ ম্যাচে এএস রোমাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসি মিলান এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও, ইন্তারের একাধিক ম্যাচে হোঁচট খাওয়ার কোনো লক্ষণ আপাতত নেই। মিলানকে হয়তো রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে।

বুন্দেসলিগা: বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য

জার্মানিতে বায়ার্ন মিউনিখ তাদের রাজত্ব ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেছে। সর্বশেষ ম্যাচে ফ্রেইবুর্গকে ৩-২ গোলে হারিয়ে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও ৯ পয়েন্টের ব্যবধান কমানো ডর্টমুন্ডের জন্য কঠিন পরীক্ষা।

লিগ ‘আঁ’: পিএসজি-লাঁস দ্বৈরথে রোমাঞ্চ

ফ্রান্সে পিএসজি ও লাঁসের শিরোপা লড়াই কিছুটা রোমাঞ্চকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল। তবে লিলের কাছে লাঁস ৩-০ গোলে হেরে বসায় পিএসজির কাজ সহজ হয়ে গেছে। তুলুসকে ৩-১ গোলে হারিয়ে পিএসজি এখন ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট পাওয়া লাঁস এখন ৪ পয়েন্ট পিছিয়ে থেকে পিএসজির ভুলের অপেক্ষায় আছে।

একনজরে শীর্ষ ৫ লিগের শীর্ষে থাকা দলগুলো

লা লিগা                বার্সেলোনা | ৭৬ (৩০) | রিয়াল মাদ্রিদ | ৬৯ (৩০) |
প্রিমিয়ার লিগ          আর্সেনাল | ৭০ (৩১) | ম্যানচেস্টার সিটি | ৬১ (৩০) |
সিরি ‘আ’              ইন্তার মিলান | ৭২ (৩১) | এসি মিলান | ৬৩ (৩০) |
বুন্দেসলিগা            বায়ার্ন মিউনিখ | ৭৩ (২৮) | বরুসিয়া ডর্টমুন্ড | ৬৪ (২৮) |
লিগ ‘আঁ'               পিএসজি | ৬৩ (২৭) | লাঁস | ৫৯ (২৮) |

×
সর্বশেষ সর্বাধিক পঠিত