গাজায় নিজেদের তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল, নেতানিয়াহু বললেন ‘ট্র্যাজেডি’

অবরুদ্ধ গাজায় হামাসের হাতে আটক নিজেদের তিন জিম্মিকে ভুল করে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর  মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘটনাটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গাজায় তীব্র লড়াই চলাকালীন তিন জিম্মিকে হুমকি হিসেবে চিহ্নিত করে সেনারা। এরপর সেনারা তাদের দিকে গুলি চালায় এবং তারা নিহত হয়। নিহতদের একজন ইয়োতাম হাইম, অপরজন সামের তালালকা। তবে তৃতীয় জনের নাম প্রকাশ করা হয়নি।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ড্যানিয়েল হাগারি বলেন, এ ঘটনার সম্পূর্ণ দায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর  (আইডিএফ)। ঘটনাটির তদন্তে পূর্ণ স্বচ্ছতা থাকবে।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি ঘটনাটি ‘অসহনীয় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের সকল জনগণের পাশাপাশি আমিও আমাদের অপহৃত তিন প্রিয় সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।’