ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডে অকল্যান্ড সিটিকে উড়িয়ে দিয়েছিল আল ইত্তিহাদ। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে পেরে ওঠেনি তারা। মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে ৩-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে সৌদি আরবের ক্লাবটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি মিস করেন ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা।
ইত্তিহাদকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আল আহলি। সোমবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিনেন্স। পরের দিন সেমিফাইনালের অপর লড়াইয়ে জাপানের ক্লাব ইউরাওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে গতরাতে প্রথমার্ধে দুটি পেনাল্টি দেখা গেছে। এর মধ্যে ২১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন আল মালাউল। নিজেদের বক্সে আল ইত্তিহাদ ডিফেন্ডার হাসান কাদিশ হ্যান্ডবল করে বসায় পেনাল্টিটি পেয়েছিল আল আহলি।
পরের পেনাল্টিটিও এসেছে হ্যান্ডবল থেকে। ৪১ মিনিটে বক্সে হ্যান্ডবল করেন আল আহলির মোহামেদ আবদেলমোনেম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি পেনাল্টির রায় দেন। তাতে সমতা ফেরানোর সুযোগ আসে ইত্তিহাদের সামনে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি বেনজেমা।
স্পট কিকে পোস্টের বাঁ দিকে ডান পায়ের শট নেন বেনজেমা। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট রুখে দেন আল আহলির গোলকিপার মোহামেদ এল শেনওয়ে।
বিরতির পর ৫৯ ও ৬২ মিনিটে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইত্তিহাদ। যোগ করা সময়ে ইত্তিহাদের ব্যবধান কমানো গোলটি অবশ্য করেন বেনজেমাই। তার আগে ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল আহলির অ্যান্থনি মোডেস্টে।
২০০৫ সালে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল আল ইত্তিহাদ।