এক ঢিলে (দিনে) দুই পাখী (শিরোপা) 'মারার' সুযোগ রোনালদোর

আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:২১ এএম

রিয়াদের আল-আউয়াল পার্কে গোলরক্ষক বেন্টোর শেষ মুহূর্তের এক মারাত্মক ভুলের কারণে গতরাতে আল হিলালের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হয় আল নাসরের। এই জয়টি পেলেই তাদের সৌদি প্রো লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত। বেন্টোর সেই অবিশ্বাস্য ভুল সবাইকে স্তম্ভিত করে দেয়—বিশেষ করে রোনালদোকে, যাকে বদলি বেঞ্চে বেশ হতাশ দেখাচ্ছিল।

তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা জয়ের আনন্দ মিস করলেও, রোনালদো ও আল নাসরের সামনে এখন একদিনে দুটি শিরোপা জেতার সুযোগ রয়েছে। হয়তো বেন্টোর সেই ভুলটি শাপেবর হয়ে উঠতে পারে। যদিও দলের সবাই মঙ্গলবার রাতেই এই নাটকীয়তার অবসান ঘটাতে চেয়েছিলেন।

আগামী শনিবার, ১৬ মে, আল নাসর একই সাথে সৌদি প্রো লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে পারে। এটি সম্ভব হওয়ার কারণ বেশ সহজ, এবং এর জন্য রোনালদোদের একই সময়ে দুটি ম্যাচ খেলতে হবে না।

লিগ টেবিলে আল নাসরের (৮৩ পয়েন্ট) ঠিক পরেই আছে আল হিলাল (৭৮ পয়েন্ট)।শনিবার আল হিলালের ম্যাচ রয়েছে 'নিওম'-এর বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ঠিক ১ ঘণ্টা ৪০ মিনিট আগে। রিয়াদে আল নাসরের ফাইনাল ম্যাচটি হবে জাপানি ক্লাব গাম্বা ওসাকা-র বিপক্ষে।

শেষ মুহূর্তের আত্মঘাতী গোল হতে দেখে হতাশ রোনালদো

যদি আল হিলাল নিওম-কে হারাতে ব্যর্থ হয়, তবে আল নাসর জাপানি দলটির বিপক্ষে তাদের ফাইনালের বিরতির আগেই জেনে যাবে যে তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে টেবিলের অষ্টম স্থানে থাকা নিওম-এর বিপক্ষে আল হিলাল হারলে বা ড্র করলেই রোনালদো সৌদি আরবে আসার পর তার প্রথম আনুষ্ঠানিক ট্রফি নিশ্চিত করবেন।

এর ফলে, কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি ট্রফিশূন্য অবস্থা থেকে দুটি শিরোপা জয়ের স্বাদ পেতে পারেন। একজন কিংবদন্তি তারকার জন্যেও এমন ঘটনা নজিরবিহীন।

যদি শনিবার এই দ্বৈত মুকুট জেতা সম্ভব নাও হয়, তবুও লিগ জিততে আল নাসরের প্রয়োজন মাত্র একটি জয়। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অবনমনের শঙ্কায় থাকা দল 'দামাক'-এর। সেই ম্যাচে জিতলে আল হিলালের ফলাফলের ওপর তাদের আর নির্ভর করতে হবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত