রেকর্ডের পাতায় লিটল

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শততম ম্যাচের উপলক্ষ রেকর্ড গড়া বোলিংয়ে রাঙিয়েছেন জশ লিটল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়লেন আয়ারল্যান্ডের এই পেসার।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার ১০ ওভারে ৩৬ রানে ৬ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী লিটল। ওয়ানডে ম্যাচে এই প্রথম ৬ উইকেট পেলেন আয়ারল্যান্ডের কোনো পেসার। পেস-স্পিন মিলিয়েও আইরিশদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি।

২০১৭ সালে ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে পল স্টার্লিং অফ স্পিনে ৬ উইকেট নিয়েছিলেন ৫৫ রানে। লিটল ও স্টার্লিং ছাড়া ৬ উইকেট নেই আয়ারল্যান্ডের আর কারো।

এই সংস্করণে লিটলের আগের ৩৩ ইনিংসে কখনও ৫ উইকেটও ছিল না। ৪ উইকেট পেয়েছিলেন তিনবার। এবার নিয়ে নিলেন ৬ উইকেট। তাতেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়।

জিম্বাবুয়ের প্রথম চার ব্যাটসম্যানই লিটলের শিকার। প্রথম স্পেলে ৬ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন তিনি। শুরুটা অবশ্য ভালো হয়নি তারা। ম্যাচের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে দেন ৯ রান। তবে ঘুরে দাঁড়ান তিনি দোর্দণ্ড প্রতাপে। নিজের পরের ওভারে কোনো রান না দিয়েই নেন ৩ উইকেট! পরের ওভারে আরেকটি। পরে কোটার অষ্টম ও নবম ওভারে ধরেন দুই শিকার।

লিটলের তোপে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৬৬ রানে। কার্টিস ক্যাম্পারের ফিফটিতে আয়ারল্যান্ড লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪ উইকেট ও ৫৯ বল হাতে রেখে।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আইরিশরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।