নিউজিল্যান্ডে ব্যর্থতার ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে কেবল মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ছাড়া বাংলাদেশের আর কোনো সাফল্য নেই। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে এখানে একটি ম্যাচও জিততে পারেনি দলটি। তবে ব্যর্থতার সেই বৃত্ত ভাঙতে চান নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বললেন, অর্জনের খালি খাতায় সাফল্যের গল্প লেখার লক্ষ্য তাদের।

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ১৫ ওয়ানডে'র সবকটিতেই হেরেছে বাংলাদেশ। ২০০৭/০৮ মৌসুম হতে এখন অব্দি সব সিরিজেই হোয়াইটওয়াশড হয়েছে দলটি। টি-টোয়েন্টিতেও একই অবস্থা। এই সংস্করণে নিউজিল্যান্ডে ৯ ম্যাচ খেলে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।

এবার ভিন্ন কিছুর প্রত্যাশায় সাদা বলের সিরিজ শুরু করতে যাচ্ছে শান্তর দল। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে কাল। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু মাঠের লড়াই।

নিউজিল্যান্ডে ইতিহাস বদলানোর প্রসঙ্গে শান্ত বলেন, 'এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইন শা আল্লাহ।'

নিউজিল্যান্ডের অনেক বেশিই ঠাণ্ডা। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য মানিয়ে নেওয়া কঠিন বেশ। তবে মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশন নিয়ে কোনো অজুহাত দেখাতে নারাজ শান্ত। বাংলাদেশের অধিনায়কের মতে, এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে দলের অনেকেরই, 'কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি কাল খুব বেশী সমস্যা হবে না।'

ডানেডিনে এখন পর্যন্ত কোন ফরম্যাটে ম্যাচ হারেনি নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডে এই মাঠে হলেও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়েই মাঠে নামতে চাইছে বাংলাদেশ। শান্তর বিশ্বাস, ক্রিকেটে পরিসংখ্যান যে কোনো দিনই বদলে যেতে পারে।

শান্তর ভাষায়, 'আমার মনে হয় না খেলোয়াড়রা এই বিষয়ে জানে। আমিও ব্যক্তিগতভাবে জানি না যে নিউজিল্যান্ড হারে নাই কখনও। অবশ্যই তো ওদের বিপক্ষে চ্যালেঞ্জিং। অস্বীকার করার কিছু নেই, হারে নাই যে কোনোদিন হারবে না এমনও না। এই গ্রুপের সেই সামর্থ্য আছে।'