বাংলাদেশ সিরিজের নিউজিল্যান্ড দলে চমক; নেতৃত্বে টম ল্যাথাম

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ পিএম

আসন্ন বাংলাদেশ সফরের জন্য সীমিত ওভারের দুই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সিরিজের জন্য ঘোষিত এই ১৫ সদস্যের দলে বেশ কিছু বড় চমক রেখেছে কিউইরা। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার।

দলে ফেরা তিন পেসারই গত কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। উইল ও'রুর্ক পিঠের চোটে এবং ব্লেয়ার টিকনার গোড়ালির চোটে ভুগছিলেন। ম্যাট ফিশারও চোটের কারণে দলের বাইরে ছিলেন। কিউই কোচ রব ওয়াল্টার বলেন, "উইল, ব্লেয়ার এবং ম্যাট নিজেদের ফিট করতে কঠোর পরিশ্রম করেছে। ব্যস্ত সূচিতে আমাদের শক্তিশালী বোলিং রিজার্ভ থাকা খুবই জরুরি, তাই তাদের ফিরে আসা আনন্দের।"

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে খেলার জন্য এনওসি নেওয়ায় এই সিরিজে অনুপস্থিত থাকছেন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট সাদা বলের দলে ফিরেছেন। এছাড়াও নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে নজর কাড়া মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক এবং বেন সিয়ার্স জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। জেডেন লেনক্স রয়েছেন তার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়।

ওয়ানডে স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

 টি-টোয়েন্টি স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

সিরিজের সূচি ও ভেন্যু

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে নিউজিল্যান্ড দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে তারা। ১৭ এপ্রিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মাধ্যমে সিরিজ শুরু হবে।

 * ১ম ওয়ানডে: ১৭ এপ্রিল (মিরপুর)

 * ২য় ওয়ানডে: ২০ এপ্রিল (মিরপুর)

 * ৩য় ওয়ানডে: ২৩ এপ্রিল (চট্টগ্রাম)

ওয়ানডে সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। উল্লেখ্য, বিশ্বকাপ বয়কটের পর বাংলাদেশ দলের জন্য এটিই হবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত