আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে আমরা বহুদূর এগিয়ে গেছি। আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারতাম। যদি নেতিবাচক, ধ্বংসাত্মক রাজনীতি না থাকত। আজকে যে ধ্বংসাত্মক রাজনীতি; পাকিস্তানি হানাদার বাহিনী যেমন নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছিল, আজকে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি এবং জামায়াত।
তিনি বলেন, 'তারা আজকে সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করছে। সাধারণ মানুষকে তারা জিম্মি করছে এবং গাড়ি-ঘোড়াতে আগুন দিচ্ছে। আজকে নব্য হানাদার হিসেবে রূপান্তরিত হয়েছে বিএনপি-জামায়াত। তাদের এই অপরাজনীতি যদি না থাকত বাংলাদেশ এত দিনে আরও বহুদূর এগিয়ে যেতে পারতো।’