বিজয় দিবসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক উন্মোচন করেন সেই দলের সদস্য, ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও ম্যানেজার তানভীর মাজহার তান্না।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় শেখ আশরাফ আলী, আমিনুল ইসলাম সুরুজ, মোহাম্মদ মোজাম্মেল হক, আবদুস সাত্তার, সুভাষ চন্দ্র সাহাসহ বাফুফে সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার।
আগে থেকেই বাফুফে ভবনে এ নামফলক ছিল। তবে সময়ের সঙ্গে পুরোনো হয়ে যাওয়ায় পুনর্স্থাপন করা হলো নামফলকটি। এবার বাংলার পাশাপাশি ইংরেজি নামফলকও যোগ করা হয়েছে। দলটির ৩৪ ফুটবলারসহ ৩৬ জনের নাম আছে এই ফলকে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহে একঝাঁক স্বাধীনতাকামী তরুণ ফুটবলার ও কর্মকর্তারা স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করেন। এরপর ভারতের বিভিন্ন প্রান্তে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলেন। সেই ম্যাচগুলো থেকে প্রাপ্ত অর্থ তারা জমা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের তহবিলে। এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।