রাজধানীর বাড্ডা এলাকায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সালমান খান (১৬) নামে ওই কিশোর মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সালমান বাড্ডার স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সালমানের বড় ভাই মেহেদী হাসান জানান, তারা বাড্ডার ময়নারবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। তার ছোট ভাই শনিবার বেলা সাড়ে ৪টার দিকে বের হয়। পরে বাসার কাছে অজ্ঞাত ব্যক্তিরা সালমানকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সালমান মারা যায়।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, গত ১৩ ডিসেম্বর ধর্ম পরীক্ষার হলে সালমান ও রাসেলের কথা বলার জন্য সালমান রাসেলকে ধমক দেয়। সেই ক্ষোভ থেকে শনিবার আনুমানিক ৪টার দিকে রাসেল ভিকটিম সালমানকে ডাক দেয় এবং পরীক্ষার হলে ধমক দেয়ার কারণ জিজ্ঞাসা করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ভিকটিম সালমানের ঘাড়েরর বাম পাশে আঘাত করলে সালমান পড়ে গিয়ে পাশের দেয়ালের সাথে মাথায় গুরুতর আঘাত পায়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় রাসেলকে (১৭) আটক করা হয়েছে। তারা পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছেন।