গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আবদুস সালাম মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলশীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম মিয়া একই জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরের আলী আকবর মিয়ার ছেলে। নিহত আবদুস সালাম মিয়া সেনাবাহিনীর সিভিল বিভাগে হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, আবদুস সালাম গত সপ্তাহে ছুটিতে আসেন বাড়িতে। আজ পরিবারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় পলাশবাড়ী উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। শিশুসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে কাউকে আটক করা হয়নি।