আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করবেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ এবং বরিশাল-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
দ্বৈত নাগরিকত্ব থাকায় গতকাল শুক্রবার বরিশালের আলোচিত এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। বরিশাল প্রতিনিধিবরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পাল্টাপাল্টি আপিল করেছিলেন। শুনানিতে শাম্মী বাদ পড়ে যান দ্বৈত নাগরিকত্বের কারণে।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে আমেরিকার নাগরিকত্ব থাকা ও হলফনামায় স্ত্রীর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। এই অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল হয়ে যায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর।
প্রার্থিতা বাতিল হওয়ার পরও হাল ছাড়বেন না শাম্মী আহমেদ ও সাদিকের অনুসারীরা। শাম্মী আহমেদের অনুসারী মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামালউদ্দিন খান বলেন, 'আমরা উচ্চ আদালতে আপিল করব। উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাবেন শাম্মী আহমেদ।
এ ব্যাপারে কথা বলতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের মোবাইলে ফোন করলে রিসিভ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ মনির। তিনি বলেন, 'আমরা উচ্চ আদালতে আপিল করব। প্রয়োজনে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাব। ইনশাআল্লাহ আমরা প্রার্থিতা ফিরে পাব। নৌকা নিয়ে আমরা ফিরে আসব।'
সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, 'আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। আমরা উচ্চ আদালতে আপিল করব। আমাদের নির্বাচনি কার্যক্রম অব্যাহত রেখেছি। যাবতীয় কার্যক্রম গুছিয়ে রাখতে কাজ করে যাচ্ছি।'