৪০০ কোটির সালারে কত পারিশ্রমিক নিলেন প্রভাস, শ্রুতিরা 

চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সালার।’ শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গেই মুক্তি পাবে এটি। প্রভাস ও পরিচালক প্রশান্ত নীলের কারণে ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা শুরু হয়ে গেছে।

দুই কিস্তিতে নির্মাণ হওয়া ছবিটির প্রথম কিস্তি ‘সালার: পার্ট ১-সিজফায়ার’ মুক্তি পাবে ২২ ডিসেম্বর। বক্স অফিস ও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৪০০ কোটি রুপি। বিগ বাজেটের এই সিনেমায় কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন?

নিউজ ১৮ এবং জি নিউজের মতে, ‘সালার: পার্ট ১-সিজফায়ার’-এ প্রভাস ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। ‘বাহুবলী’ তারকা সিনেমাটির লাভের অংশ হিসেবে আরো ১০ শতাংশ পাবেন বলেও জানা গেছে। সালারের অপর প্রধান অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন, যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এতে, তিনি প্রভাসের তুলনায় অনেক কম পারিশ্রমিক নিচ্ছেন।

জি নিউজের প্রতিবেদন অনুসারে, সালারে অভিনয় করার জন্য চার কোটি রুপি নিয়েছেন পৃথ্বীরাজ। অপরদিকে সালারের আরেক গুরুত্বপূর্ণ অভিনেতা জগপতি বাবু পৃথ্বীরাজ সুকুমারানের সমান ফি নিচ্ছেন, অর্থাৎ চার কোটি রুপি।

‘সালার : পার্ট ১-সিজফায়ার’-এ প্রভাসের বিপরীতে নারীপ্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি হাসান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি আট কোটি রুপি নিয়েছেন। ‘সালার’-এর মূল কারিগর, অর্থাৎ প্রশান্ত নীল, যিনি সালার পরিচালনা করেছেন, তিনি নিয়েছেন ৫০ কোটি রুপি। কেজিএফের সাফল্যের পর দর্শক পর্যায়ে প্রশান্ত নীলের ভিন্নরকম জনপ্রিয়তা তৈরি হয়েছে।

‘সালার : পার্ট ১-সিজফায়ার’-এ আরো অভিনয় করেছেন ববি সিমহা, টিনু আনন্দ, ঈশ্বরী রাও, শ্রীয়া রেড্ডি এবং রামচন্দ্র রাজু।