২০০৮ সালের হলফনামায় প্রতিমন্ত্রীর আয় ছিল ২ লাখ ৫ হাজার ৪২৭ টাকা। তা কৃষি খাত ও ব্যবসা থেকে আসত। এবারের হলফনামা সেই আয় গিয়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা। অর্থাৎ ১৫ বছরের ব্যবধানে প্রতিমন্ত্রীর আয় বেড়েছে ৩২ গুণ।
নবম জাতীয় সংসদ নির্বাচনে মো. ফরিদুল হক খানের স্ত্রীর অস্থাবর-স্থাবর সম্পদ ছিল ১৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। সেই সম্পদ ১৫ বছরের ব্যবধানে দাঁড়িয়েছে ২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার ৩৯৬ টাকায়। প্রতিমন্ত্রীর স্ত্রী ১৫ বছরে কোটিপতি হয়েছেন।
জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মো. ফরিদুল হক খান প্রার্থী হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে হলফনামায় যে হিসাব দিয়েছেন, তা পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।
২০০৮ সালে ধর্ম প্রতিমন্ত্রীর হলফনামায় দাখিল করা অস্থাবর-স্থাবর সম্পদ ছিল ১০ লাখ ৪০ হাজার ১৬৪ টাকা। সেই অস্থাবর-স্থাবর সম্পদ ২০১৪ সালে গিয়ে দাঁড়ায় ৬৫ লাখ ৬৭ হাজার ৪৬১ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ ৩৯ লাখ ৭৬ হাজার ৪৬১ টাকা এবং স্থাবর সম্পদ ২৫ লাখ ৯১ লাখ টাকা এবং এবারের হলফনামায় অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৪ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫১২ টাকা এবং স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি ২ দশমিক ৩২ একর এবং অকৃষি জমি ১২ দশমিক ৫ শতাংশ পৈতৃক সূত্রে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এদিকে ২০০৮ সালের হলফনামায় প্রতিমন্ত্রীর আয় ছিল ২ লাখ ৫ হাজার ৪২৭ টাকা। তা কৃষি খাত ও ব্যবসা থেকে আসত। এবারের হলফনামায় সেই আয় গিয়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা। অর্থাৎ ১৫ বছরের ব্যবধানে প্রতিমন্ত্রীর আয় বেড়েছে ৩২ গুণ।
অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে প্রতিমন্ত্রীর স্ত্রীর অস্থাবর-স্থাবর সম্পদ। ২০০৮ সালে প্রতিমন্ত্রীর স্ত্রীর অস্থাবর-স্থাবর সম্পদ ছিল ১৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। সেই সম্পদ ১৫ বছরের ব্যবধানে দাঁড়িয়েছে ২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার ৩৯৬ টাকায়। প্রতিমন্ত্রীর স্ত্রী ১৫ বছরে কোটিপতি হয়েছেন। এতে তার স্ত্রীর আয় বেড়েছে প্রায় সাড়ে ১৪ গুণ।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।