সংবাদকর্মীকে 'হত্যা'

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে আল জাজিরা

সংবাদকর্মী হত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দিতে যাচ্ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান সামের আবু দাক্কা নিহত হন। হামলার সময় তিনি একটি স্কুলে শরণার্থীদের নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। তখনই ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলায় দাক্কা গুরুতর আহত হন, পরে তার মৃত্যু হয়।

শনিবার আল জাজিরার এক বিবৃতিতে বলা হয়, ‘এ ব্যাপারে আল জাজিরার আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দল আদালতে বিস্তারিত অভিযোগ জমা দিতে কাজ শুরু করেছ।’ এছাড়া ফিলিস্তিনে কাজ করা আল জাজিরার অন্যান্য সংবাদকর্মীদের ওপর সাম্প্রতিক হামলাগুলোর কথাও উল্লেখ থাকবে এই অভিযোগে।

অবশ্য সাংবাদিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর তরফে বলা হয়েছে,’ ইচ্ছাকৃতভাবে কোনো সাংবাদিককে লক্ষ্যবস্তু করা হয়নি, হবেও না। সক্রিয় যুদ্ধক্ষেত্রে যেখানে দুপক্ষের গোলাগুলি চলে সেখানে স্বাভাবিকভাবেই এমন ঝুঁকি থেকেই যায়।’   

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানায়, গাজায় ইসরায়েলি হামলায় ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৪ জন সাংবাদিক ও সংবাদকর্মী।