আর্জেন্টিনায় স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় এক স্পোর্টস ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শনিবার (১৬ ডিসেম্বর) একটি শক্তিশালী ঝড়ের কারণে এই ঘটনা ঘটেছে। এতে আরও বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শহরটির মেয়রের কার্যালয় বলেছে, ঘটনার সময় স্পোর্টস ক্লাবটিতে স্কেটিং প্রতিযোগিতা চলছিল। প্রবল বৃষ্টি ও ঝড়ের ফলে একপর্যায়ে সেখানকার ছাদ ধসে পড়ে। পরে এক বিবৃতিতে মিউনিসিপ্যালিটি জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, জরুরি পরিষেবা বাহিয়েন্স ডেল নর্তে ক্লাবে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে’। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছাদ ধসে পড়ার সময় শহরটিতে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি। ঝড়ের কারণে শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ ঘটনার পর বাহিয়া ব্লাঙ্কার মেয়র ফেদেরিকো সুসবিয়েলস বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি অপ্রয়োজনীয় ভ্রমণ করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলিয়ের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।