হঠাৎ করেই থানায় কলকাতার সংগীতশিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়। এখন পর্যন্ত কোনো বিতর্কে নাম না জড়ানো এ শিল্পীর সঙ্গে এমন আচরণ কেন? এমনটা সোশ্যালে জানিয়েছেন শিল্পী নিজেই।
নিজের লোকগীতির কারণে দারুণ জনপ্রিয় পৌষালী। স্টেজে উঠলেই ভালোবাসার উন্মাদনা ছড়িয়ে দেন সবার মধ্যে। কিন্তু এবার তিনি যেখানে সুরের জাদু ছড়িয়ে দিয়েছেন সেটা মঞ্চ বা কোনও স্টেজ না, বরং থানায়। কী অপরাধে তাকে থানায় টেনে নিয়ে যাওয়া হল?
শিল্পী গান গাইছেন, আমার হাত বান্ধীবি, পা বান্ধীবি… আর শুনছেন থানার সকলে। কাহিনী বর্ণনা করে তিনি সোশ্যালে লিখলেন, থানায় ধরে নিয়ে গিয়েছিল। গানটা শোনার পর ছেড়ে দিল।
পৌষালী জানান, মালদহ থানার এস আই মেনক তার গান শুনতে খুব ভালোবাসেন। অফিসার তার গানের অন্ধ ভক্ত। গায়িকা বলেন, আমি মালদায় যখনই অনুষ্ঠান করতে যাই, তখন উনি কাজের ফাঁকে এসে আমার সঙ্গে দেখা করেন। এবার যখন অনুষ্ঠান করতে গেলাম মালদায় খুব বৃষ্টি। অনুষ্ঠান করতে পারিনি। সেখানেও গিয়েছিলেন তিনি। আমায় বললেন থানায় সকলের আমার গান খুব পছন্দ। আমার এই অপরাধে থানায় নিয়ে গিয়েছিল। সেখানে সকলের মাঝখানে বসে গান গাইলাম। ওরা, মন দিয়ে মুগ্ধ হয়ে শুনল। এরপর ছেড়ে দিল।