সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের আবদুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের নূর মিয়ার ছেলে শাকিল আহমদ ইমন (৩০)। এ ঘটনায় সাইদুল ইসলাম নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে  আল আমিন মোটরসাইকেল নিয়ে তামাবিল থেকে নলজুরি এবং ইমন ও সাইদুল মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর থেকে জাফলংয়ে যাচ্ছিলেন। তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেল দুইটির সংঘর্ষ হয়। এতে ৩ জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল আমিন ও শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি জব্দ করেছে পুলিশ।