এনিম্যাল হাসবেন্ড্রী প্রকল্প আইন ২০২৩ গঠনকল্পের সভা বন্ধের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রাণিসম্পদ সেক্টরকে বিভাজন করার পক্ষপাতদুষ্ট উদ্যোগ আখ্যায়িত করে, সেটি বন্ধের আহবান জানান তারা।
জানা যায়, আজ সোমবার (১৮ ডিসেম্বর) এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল আইন ২০২৩ গঠনকল্পে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে সভা আহবান করা হয়েছে। এর প্রতিবাদে দেশের ১৪টি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ভেটেরিনারি শিক্ষার্থীরা।
মানববন্ধনে সিকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক শিমুল মজুমদার বলেন, গত ১০ ও ১৪ ডিসেম্বর আমরা জানতে পারি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ভেটেরিনারি কাউন্সিলের আদলে তারা পশু পালনের সেক্টরের জন্য নতুন একটি কাউন্সিল গঠন করতে যাচ্ছে। যার কোনো প্রয়োজন নেই। উদ্যোগটি বাস্তবায়নে আজ (১৮ ডিসেম্বর) গোপনে মিটিং ডাকা হয়। এটি বর্তমান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যে সচিব আছেন তার অসৎ চাওয়া। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে সিকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি আতিকুল হক বলেন, একটি মন্ত্রণালয়ের অধীনে একই ধরণের দুইটি কাউন্সিল করা ঠিক হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানেও এমন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় রয়েছে। তারাও একটি কাউন্সিল দিয়েই সকল কিছুই নিয়ন্ত্রণ করে। পশুপালনের অনেক কোর্স আমাদের পড়ানো হলেও আমরা সেগুলোর স্বীকৃতি পাই না। কুচক্রী মহলের স্বার্থ হাসিলের কোনো সুযোগ আমরা ভেটেরিনারি শিক্ষার্থীরা দিবো না।