পবিপ্রবিতে পঞ্চম দিনের কর্মবিরতি চলছে

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:১২ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ চলমান কর্মবিরতির পঞ্চম দিনের অবস্থান কর্মসূচি ও ‘কমপ্লিট শাটডাউন’পালন করেছেন  শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের পদত্যাগ দাবি পুনর্ব্যক্ত করে তাকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার ঘোষণা দেন।

রবিবার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে, সকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায় যে উপাচার্য, রেজিস্ট্রারসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তালা ঝুলছে। কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের শিক্ষক-কর্মকর্তার রক্তের দাগ যার হাতে, সেই ভিসিকে কোনোভাবেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তারা বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান একাত্মতা ঘোষণা করে বর্তমান উপার্যের অপসারণ দাবি জানিয়েছেন।

তাছাড়া গুরুত্বপূর্ণ দপ্তরগুলো বন্ধ থাকায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ভোগান্তি বাড়ছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত