কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত 

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় জুবায়ের আহমেদ সজল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে কারওয়ান বাজার বেলপট্টিতে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।

পথচারী আব্দুল মান্নান ও হোসাইন জানান, বেলপট্টি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কা লাগে তার। দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান।

ফোনে নিহতের ছেলে বিন জুবায়ের সীমান্ত জানান, তাদের বাড়ি সাভার চাপুলিয়া নগরকুন্ডা গ্রামে। সেখানে তার বাবার মুদি দোকান আছে। ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন দিনি। দুপুরে ঢাকা মেডিকেল থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।