কুড়িলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন জানতে পারেন, ট্রেনের সাথে ধাক্কা লেগেছে তার। পরবর্তীতে তারা কয়েকজন পথচারী মিলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে জানান। তবে স্থানীয় কেউই তার পরিচয় জানাতে পারেনি। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত