কণ্ঠশিল্পী মাহবুব রিয়াজ নতুন একটি গান করেছেন। ‘তুমি গভীর গোপনে, চেতনে, মননে, শয়নে স্বপনে আছ। তুমি আমার রক্তের প্রতিটি কণায় বাঁচো...’ এমন কথামালায় বঙ্গবন্ধুকে নিয়ে করা এই গানের মাঝে মাঝে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। গানটি লিখেছেন ও সুর করেছেন কলকাতার প্রখ্যাত সংগীতজ্ঞ গৌতম ঘোষাল। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল। এ বিষয়ে মাহবুব রিয়াজের ভাষ্য, ‘বঙ্গবন্ধুকে নিয়ে নতুন একটি গান করলাম। এই গানে জাতির পিতাকে নতুনভাবে চিত্রিত করার চেষ্টা করেছি। গানের মধ্যে প্রয়োজন আনুযায়ী আবৃত্তি রয়েছে যেটি করেছেন শ্রীকান্ত আচার্য। বলা যায়, তার আবৃত্তি গানটিকে মহিমান্বিত করেছে। এছাড়াও আমার স্ত্রী প্রখ্যাত কণ্ঠশিল্পী শিউলি শেখ হাসিনাকে নিয়ে একটি গান করেছেন। সেটিও প্রকাশের তালিকায় রয়েছে।’ গানটি রেকর্ড করা হয়েছে কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে। শিগগির গানটি ভিডিও আকারে প্রকাশ হবে বলে জানালেন মাহবুব রিয়াজ।