গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি স্বতন্ত্র প্রার্থীর

বিচার না পেলে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর। সোমবার (১৮ডিসেম্বর ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় তিনি এ কথা বলেন।
 
জানা গেছে, গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর বিকেল ৫টার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুব চৌধুরীর সমর্থকদের উপর হামলা করে। এর প্রতিবাদে ওই দিন রাত ১১ দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুব।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার আশ্বাসে অবস্থানরত কর্মী সমর্থকরা কর্মসূচি শেষ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল  হান্নান সহ স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহমুদ চৌধুরী অবসরের কর্মী সমর্থকরা। 

 রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।