একসঙ্গে বসে ডিবি হারুনের সঙ্গে ভাত খেলেন অপু বিশ্বাস। এমন একটি ভিডিও উঠে এসেছে দেশ রূপান্তরের নিজস্ব ক্যামেরায়।
- চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী এবং গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস রাজধানীর ডিবি কার্যালয়ে আসেন। দুজন আলাদা আলাদাভাবে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টায় তারা রাজধানীর মিন্টো রোডের এই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এসেছিলেন। সেখানেই খাওয়া দাওয়া সারেন অপু বিশ্বাস ও তাপস। এসময় ডিবি প্রধানকে ভাত বেড়ে দিতে দেখা যায়।
এ সময় ডিবি প্রধান হারুন অর রশীদ দুজনকে নিয়ে আলোচনায় বসেন। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখী হন তাপস ও অপু। পরে তারা দুপুরে একত্রে খাবার খান। ডিবি কার্যালয় থেকে দুজনই বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে নিজেদের ভুল বোঝাবুঝি নিয়ে কথা বলেন।
ঘটনার সূত্রপাত কিছু দিন আগে। গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে দিয়ে মুন্নী জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।
এর পরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর কলরেকর্ড ফাঁস হয়। সেখানে বুবলীর নামে বিস্তর অভিযোগ আনতে শোনা যায় মুন্নীকে। তবে কলরেকর্ডটি এডিট করা ছিল। মুন্নীর কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ ছিলেন মুন্নী। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে কল রেকর্ড ফাঁসের অভিযোগে অপুকে অভিযুক্ত করেন তিনি। সেই সঙ্গে জানান অন্যের কথায় বুবলীকে সন্দেহ করেছেন তিনি এবং অপু তাকে ব্যবহার করেছেন।
এ ঘটনার পর বুবলী মুন্নীকে ধন্যবাদ জানালেও অপু ইঙ্গিতে পুরো বিষয়টি সাজানো বলে উল্লেখ করেন। পরে ভিডিওবার্তায় সরব হন তিনি। তারই ফলস্বরূপ ডিবি অফিসে ডাকা হয় অপুকে।