বিসিএলের শেষ রাউন্ডে সিলেটে উত্তরাঞ্চলের বিপক্ষে মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৪৪ রানের লিড পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পূর্বাঞ্চল। আর দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৬৭ রানে উত্তরের তিন উইকেট তুলে নিয়েছে দলটি।
আগের দিন খালেদ ও রাজার ৪ উইকেট শিকারের দিনে মাত্র ১০৮ রানেই গুটিয়ে গিয়েছিল উত্তরাঞ্চল। দুই উইকেটে ১২২ রান নিয়ে শুরু করা দিনে ইমন ও মুমিনুল অপরাজিত ছিলেন। ৬৬ রান করা ইমনের সামনে ছিল সেঞ্চুরি করার সুযোগ। তবে ৯০ রানে থাকতেই ফিরে যান তিনি। অভিজ্ঞ মুমিনুল সুযোগ হাতছাড়া করেননি। দীপুর সঙ্গে শতরানের জুটির পাশাপাশি তুলে নেন নিজের সেঞ্চুরি। ১৬৭ বলে ১১৭ রানের ইনিংসে ১১টি চার ও দুটি ছক্কা হাঁকান মুমিনুল। ৮৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শাহাদাত দীপু। এরপর ইয়াসিরের ২৫ আর ইরফানের ১২ রানে ৩৫২ রানে থামে পূর্বাঞ্চলের ইনিংস। নাহিদ রানা ৪টি ও হাসান মুরাদ ৩টি উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে নেমেও সুবিধা করতে পারেনি উত্তরাঞ্চলের টপ অর্ডার ব্যাটাররা। জয় ২৪, সাব্বির ১৮ ও আইচ শূন্য রানেই ফিরে গেলে ১৯ ওভারে ৬৭ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে দলটি। খালেদ ২টি ও রাহি ১টি উইকেট পান।
মিরপুরে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের ২১৪ রানের জবাবে ৩ উইকেটে ৫৩ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চলের প্রথম ইনিংস থামে ২৪৮ রানে। সর্বোচ্চ ৮৯ রান আসে নাইম ইসলামের ব্যাটে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৬৬ রান। দক্ষিণাঞ্চলের সুমন খান ও নাঈম হাসান ৩টি করে এবং হালিম ও মঈন ২টি করে উইকেট শিকার করেন।
৩৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সালাউদ্দিন শাকিলের জোড়া শিকারে ৪৭ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে দক্ষিণাঞ্চল। পিনাক ১৪, মোহাম্মদ মিথুন ১৩ ও ফজলে রাব্বি ৫ রান করেই ফিরে গেছেন সাজঘরে।