দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ডিসেম্বর) দুপুরে স্টেশন রোড এলাকায় নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকের মধ্য এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্টেশন রোড এলাকায় স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী আবদুর রশীদের সমর্থক মিঠুর সাথে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী প্রকৌশলী মো.মাহবুবুর রহমান হেলালের সমর্থক লুৎফর রহমান সাথে দলীয় প্রতীক নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৪ জন আহত হয়।
আহতরা হলেন- লুৎফর রহমান, ফারুক হোসেন মিঠু ও সাবেক কমিশনার বেলাল হোসেন।
এ বিষয়ে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল (নৌকা প্রতীক) সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের লোকজন প্রথমে পরিকল্পিতভাবে কমিশনার বেলালের উপর আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। এ সময় কমিশনার বেলাল ও লুৎফর আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ (ট্রাক প্রতীক) সাংবাদিকদের জানান, নৌকা সমর্থকরা আমার কর্মী মিঠুকে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেন। এছাড়াও ফারুক হোসেনকে মারপিট করেছে। এ ঘটনায় মিঠু সরিষাবাড়ি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদের সমর্থকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ খবর পেয়ে উভয়পক্ষের সমর্থকরা সেই জায়গায় সমবেত হয়। পুলিশ দু'পক্ষের সমর্থকের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে। কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে নাই।