ঘোড়া পেলেন এরদোয়ান, অরবান ইলেকট্রিক গাড়ি

হাঙ্গেরি ও তুরস্কের মধ্যকার সম্পর্কের শতবর্ষ পূর্তিতে বুদাপেস্ট সফর করেছেন প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল সোমবার সকালে প্রেসিডেন্ট নোভাকের সঙ্গে বৈঠকের আগে এরদোয়ানকে সামরিক সম্মান দেয় দেশটি।

সফরকালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তুর্কি নেতাকে একটি নোনিয়াস ঘোড়া উপহার দিয়েছেন। বিপরীতভাবে অরবান উপহার পেয়েছেন তুরস্কে তৈরি একটি ইলেকট্রিক গাড়ি।

চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার হাঙ্গেরি সফর করলেন এরদোয়ান। প্রধানমন্ত্রী অরবানের সঙ্গে বুদাপেস্টে আলোচনার পর সম্পর্ক জোরদারের অঙ্গীকারও করেছেন তারা। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক আরো বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরা ও ডয়চে ভেলের।

অরবান উপহার পেয়েছেন তুরস্কে তৈরি একটি ইলেকট্রিক গাড়ি

তুরস্ক ও হাঙ্গেরি দুই দেশই ন্যাটোর সদস্য। তারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার বিরোধিতা করেছে। তবে সুইডেন নিয়ে এই সফরে এরদোয়ান বা অরবান কোনো মন্তব্য করেননি।

হাঙ্গেরির প্রেসিডেন্ট অনেকটা সময় এরদোয়ানের সঙ্গে ছিলেন। তিনি জানান, এরদোয়ান ও অরবান ন্য়াটোর সম্প্রসারণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

অরবান বলেন, আমরা প্রতিরক্ষা ও বাণিজ্য-সম্পর্ক আরো বাড়াতে চাই। এমন সঙ্গী চাই, যাদের সঙ্গে মিলে আমরা জিততে পারি। তুরস্ক ও হাঙ্গেরি মিলে একুশ শতকে জয় পাবে।

এরদোয়ান বলেন, এখন দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৪০০ কোটি ইউরো। তা বাড়িয়ে ৬০০ কোটি ইউরো করার জন্য দুই দেশ কাজ করবে।