জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে আলোচনা ভেস্তে যাওয়া ঠেকাতে নতুন করে চেষ্টা চালাচ্ছে দেশগুলো। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয় দিনেও একটি বৈশ্বিক জলবায়ু চুক্তিতে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো। ফলে আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। খবর বিবিসির।
রবিবার (২২ নভেম্বর) ভোরে নতুন একটি খসড়া চুক্তি প্রকাশ করা হয়েছে। দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেই এই খসড়া তৈরি করেছে সম্মেলনের যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া।
তবে নতুন খসড়াতেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সরাসরি কোনো উল্লেখ রাখা হয়নি। আগের খসড়ায় এই বিষয়টি বাদ পড়ায় কয়েকটি দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। যদিও নতুন খসড়ায় তিন বছর আগে দেশগুলোর দেওয়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতির বিষয়টি স্বীকার করা হয়েছে।
রবিবার নতুন চুক্তির অনুমোদন নিয়ে আলোচনায় বসার কথা ছিল দেশগুলোর। তবে সকালে নির্ধারিত সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম রবিবার সম্মেলনস্থলে প্রবেশের সময় বিবিসিকে বলেন, তিনি একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী।
তবে তার এই আশাবাদের সঙ্গে একমত নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়টি চুক্তির খসড়া থেকে বাদ দেওয়ার বিরোধিতা করে আসছিল ইইউ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো।
অন্যদিকে, সর্বশেষ খসড়ায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য অর্থায়নের নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি। বরং এ বিষয়ে সিদ্ধান্ত ভবিষ্যতের বৈঠকের জন্য রেখে দেওয়া হয়েছে। ফলে আফ্রিকান দেশগুলোর জোটও এই খসড়ায় হতাশ হতে পারে।
নতুন খসড়ায় প্রথমবারের মতো স্বীকার করা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে বিশ্ব বর্তমানে সঠিক পথে নেই। কপ সম্মেলনের ইতিহাসে দীর্ঘতম আলোচনার রেকর্ডের দিকেও এগোচ্ছে এবারের সম্মেলন।
জাতিসংঘের জলবায়ু আলোচনার নিয়ম অনুযায়ী, কোনো চুক্তি গ্রহণ করতে হলে সব দেশের ঐকমত্য প্রয়োজন। সেই ঐকমত্য তৈরি না হলে আলোচনা আগামী বছর পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে। ১৯৯৫ সালে কপ সম্মেলন শুরু হওয়ার পর এ ধরনের ঘটনা ঘটেছে মাত্র একবার।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত প্রথম খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে আনার প্রস্তাব ছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় ও সংক্ষিপ্ত খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের সব উল্লেখ বাদ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকটি দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়।
গ্রহণযোগ্য একটি চুক্তির পথ খুঁজতে শনিবার শেষ মুহূর্তের কূটনৈতিক উদ্যোগ নেয় ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরব। জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে দেশ দুটির অবস্থান সম্পূর্ণ বিপরীত হলেও তাদের আলোচনার টেবিলে একসঙ্গে বসানো হয় একটি সমঝোতা খুঁজে বের করার লক্ষ্যে।